বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আজকে যেহেতু বাংলাদেশের সব নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমি আপনাদের জানাতে চাই—আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। যেদিন তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। সেইদিন আমরা গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চাই।”
মির্জা ফখরুল আরও বলেন, “এখন আমাদের সংগ্রাম—নির্বাচনে জয়লাভ করা। পুরোপুরি জয়লাভ করতে হবে। অনেক বাধা আসবে, অপপ্রচার হবে—কিন্তু এগুলো কাটিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াব। বিএনপি কোনোদিন পরাজিত হয়নি, হবে না।” তিনি বলেন, “পত্রিকায় দেখলাম—১৯৭১ সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহসে এই কথা বলে? ১৯৭১ আমাদের অস্তিত্ব। এই কথা জোরে মনে রাখবেন।”
কর্মশালায় সভাপতিত্ব করেন ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন হাবিব উন নবী খান সোহেল।
আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি: তারেক রহমান
এই কর্মশালা গত রোববার থেকে চলছে। বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা অংশ নিচ্ছেন। নির্বাচনের আগে দলের নীতি-কৌশল ও ভিশন জনগণের কাছে পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































