আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এই হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক নিশ্চিত করে বলেন, “দুপুর আড়াইটার পর ওসমান হাদীকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।” ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, “বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি। আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কনফার্ম হলে বিস্তারিত জানাব।”
গত নভেম্বরে শরিফ ওসমান হাদী ফেসবুকে জানান, দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে তাকে হত্যা, বাড়িতে আগুন, মা-বোন-স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। তিনি এসব হুমকির স্ক্রিনশটও পোস্ট করেন।
আরও পড়ুন: ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ
নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এই হামলা রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শরিফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করছেন সবাই।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































