ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে। পুলিশ রিপোর্ট জমা দেওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, “শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।”
এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
জাবের বলেন, “এই হত্যাকাণ্ডের জন্য একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক পেশাদার তদন্ত সংস্থার সহায়তা নিতে হবে। কোনো তথাকথিত ‘বন্দুকযুদ্ধ’ নয়— আমরা চাই প্রকাশ্য বিচার।”
আরও পড়ুন: ওসমান হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে প্রকাশ্য দিবালোকে মাথায় গুলি করে শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়। পরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































