তারেক রহমান-tarique rahman-newsedge24

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার জননিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জোর দেন তিনি।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম জানান, তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাঁর সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে। পোশাকে ও সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। এ ছাড়া বিএনপির পক্ষ থেকেও তাঁর ব্যক্তিগত নিরাপত্তাব্যবস্থা রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে পর্যাপ্তসংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। বিমানবন্দর থেকে গুলশানে যাতায়াতের সময় পুলিশি পাহারাসহ বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। তাঁর বাসভবন ও অফিসেও নিরাপত্তা থাকবে। উর্দিধারীদের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দারা নিয়োজিত থাকবেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশানের পথে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকবে এবং ঢাকা মহানগরজুড়ে সোয়াট টিমের সদস্যরা মাঠে থাকবেন। প্রত্যাবর্তনের দিন ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দলের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তায় প্রধান কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কাজ করবে। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টার জন্য শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

দলের নেতারা জানিয়েছেন, প্রায় দেড় যুগ পর ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। ঢাকায় পৌঁছানোর পর দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হবে। জনসমাগম শৃঙ্খলাবদ্ধ রাখতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *