ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ-newsedge4

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা-মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটি। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা শাহবাগে এসে সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

অবরোধকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। অবরোধ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবরোধে থাকবেন। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনও করবেন বলে জানান তিনি।

এর আগে শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহিদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।

শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ছিলেন। জুলাই শহিদদের অধিকার রক্ষা, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন।

আরও পড়ুন: নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন ২ ডিসেম্বর জুমার নামাজের পর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *