নির্বাচন কমিশন-newsedge4

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুসারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের জন্য নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১৫ জানুয়ারির আদেশের প্রেক্ষিতে পূর্বে ১১ ডিসেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশ বাতিল করে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর আগে সীমানা সংক্রান্ত জটিলতায় এই দুই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছিল, কিন্তু আপিল বিভাগের সর্বশেষ আদেশে সীমানা পুনর্নির্ধারণের গেজেট বহাল রাখায় নির্বাচনের পথ সুগম হয়েছে।

নতুন তফসিল অনুযায়ী:

  • মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ১৮ জানুয়ারি ২০২৬ (রোববার)
  • মনোনয়নপত্র বাছাই: ১৯ জানুয়ারি ২০২৬ (সোমবার)
  • বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের: ২০ থেকে ২৪ জানুয়ারি ২০২৬
  • আপিল নিষ্পত্তি: ২৫ জানুয়ারি ২০২৬
  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২৬ জানুয়ারি ২০২৬
  • প্রতীক বরাদ্দ: ২৭ জানুয়ারি ২০২৬
  • ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার), সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে। ভোটাররা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই নতুন কর্মসূচি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নং ১৯০/২০২৬) সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে ঘোষণা করা হয়েছে। এর ফলে পাবনা-১ আসনে সাঁথিয়া উপজেলা এবং পাবনা-২ আসনে সুজানগর ও বেড়া উপজেলা অন্তর্ভুক্ত থাকবে বলে নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন: আপিল বিভাগের চূড়ান্ত আদেশে পাবনার দুই আসনে ভোট ১২ ফেব্রুয়ারি

নির্বাচন কমিশন জানিয়েছে, এই দুই আসনের ভোটগ্রহণ দেশের অবশিষ্ট ২৯৮টি আসনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *