অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না বলে স্পষ্ট জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, নির্বাচিত সরকার চাইলে পে-কমিশনের সুপারিশকৃত পে-স্কেল বাস্তবায়ন করতে পারবে, আবার বাতিলও করতে পারবে। এটি নির্বাচিত সরকারের জন্য কোনো চাপ সৃষ্টি করবে না।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, পে-কমিশনের প্রতিবেদন শুধু জমা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার এই পে-স্কেল বাস্তবায়ন করবে না। তিনি আরও বলেন, “বেতন কমিশনের সুপারিশগুলো সরাসরি বাস্তবায়ন করা হবে, তা নয়। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আর্থিক সংস্থানসহ সব দিক পর্যালোচনা করে সুপারিশ করবে। পরবর্তী সরকার চাইলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে।”
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে দীর্ঘদিনের ক্ষোভের কথা উল্লেখ করে ফাওজুল কবির খান বলেন, “নির্বাচিত সরকার যাতে সেই ক্ষোভের মুখে না পড়ে, সেজন্যই অন্তর্বর্তী সরকার পে-কমিশন গঠন করেছে।”
উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য ২১ সদস্যের পে-কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। চলতি বছরের ২১ জানুয়ারি বিকেলে কমিশনের প্রধান জাকির আহমেদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন।
প্রস্তাবিত পে-স্কেলের মূল সুপারিশ:
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত
- প্রথম ধাপে (সর্বোচ্চ) মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা
- সর্বনিম্ন (২০তম ধাপ) মূল বেতন ২০ হাজার টাকা
উপদেষ্টা জানান, এই সুপারিশগুলো এখনো চূড়ান্ত নয় এবং পরবর্তী নির্বাচিত সরকারের ওপর এর বাস্তবায়নের কোনো বাধ্যবাধকতা থাকবে না।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































