মির্জা-ফখরুল-ইসলাম-আলমগীর-newsedge24

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান থাকবে। সব লড়াই-সংগ্রামে সরকার ভুক্তভোগী পরিবারের পাশে থাকবে। তিনি চলতি বাজেটে গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারের কাছে প্রস্তাব দেওয়ার কথা জানান।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এখন কান্নার সময় নয়, এখন সময় অধিকার আদায়ের এবং ন্যায়বিচার পাওয়ার।” তিনি মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার পাশাপাশি গুম-সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

সংলাপে বিগত শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্বজন হারানোর বেদনাময় স্মৃতিচারণ ও আহাজারিতে পুরো মিলনায়তন আবেগঘন হয়ে ওঠে। তারা ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণ আইন শিগগিরই সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উপস্থিত ছিলেন গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, গুমের শিকার বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ অনেকে।

1 comment on “গুমের শিকার পরিবারের জন্য সরকারের বিশেষ ভাতা চালুর উদ্যোগ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *