সুপ্রিম কোর্ট-হাইকোর্ট-newsedge24

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে ছিলেন ড. শরীফ ভূঁইয়া এবং জামায়াতে ইসলামীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনটি আপিল হয়েছিল। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পৃথক আপিল করেন।

আরও পড়ুন: সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুন-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাস করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। সংশোধনীতে সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ২০২৪ সালে হাইকোর্টে আলাদা দুটি রিট দায়ের করা হয়। চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায়ে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাদ দেওয়া সংক্রান্ত ধারা বাতিল ঘোষণা করেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি গত সোমবার শুরু হয় এবং বুধবার শেষ হয়। আপিল বিভাগ আজ রায় ঘোষণা করেন।

1 comment on “তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরল সংবিধানে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *