মির্জা ফখরুল ইসলাম আলমগীর-010106-NewsEdge24

‘সুখী সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে টেলিফোনে এমন প্রত্যাশা ব্যক্ত করেন ত্রয়োদশ জাতীয় সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করা বিএনপি দলীয় এই প্রার্থী। ভোটের পর তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।

মির্জা ফখরুল বলেন, ‘আমি এমন একটি বাংলাদেশ দেখব যা আমি প্রত্যাশা করছি, যা আমি মনে মনে স্বপ্ন দেখছি। সেটি হচ্ছে, একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণমুখী রাষ্ট্রের। যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী, দিনে আনা দিনে খাওয়া শ্রমজীবীরা দুই বেলা পেট ভরে খেতে পারবে, সুস্থ পরিবেশে তারা বসবাস করতে পারবে, নিরাপদে-নিশ্চিন্তে তারা জীবন যাপন করতে পারবে। যেখানে আমাদের বিশাল তরুণ গোষ্ঠীর কর্মসংস্থান হবে। যেখানে আমাদের জনসংখ্যার অর্ধেক নারী সমাজ তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’

তিনি বলেন, ‘বিশ্বের বুকে আমরা বাংলাদেশিরা একটি আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে নিজেকে পরিচিত করব। আমি বিশ্বাস করি, আমি প্রত্যাশা করি, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হবে।’

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রথমে আমি শুকরিয়া আদায় করতে চাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুলআলামীনের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশবাসীর কাছে যাদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে আমি পাশে ছিলাম, সুখে-দুঃখে তাদের কাছে ছিলাম। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি।’

‘সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। আমি মনে করি, তার নেতৃত্বে ‘‘প্রত্যাশিত বাংলাদেশ’’ এর গন্তব্যে পৌঁছাবে’, যোগ করেন বিএনপির এই প্রার্থী।

এ সময় এক প্রশ্নের জবাবে আবেগ আপ্লুত কণ্ঠে মির্জা ফখরুল বলেন, ‘অনেক কিছু মিস করব। যা স্মরণ করলে আমি আবেগকে ধরে রাখতে পারি নাই। দোয়া করি সৃষ্টিকর্তার কাছে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সকলে সরকারকে সহযোগিতা করুন।’

আরও পড়ুন:

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

তিনি বলেন, ‘আজকে এ দিনে আমার সবচেয়ে বেশি মনে পড়ে, আমার মন কাঁদায় তিনি হলেন—দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই মহিয়সী নারী নেত্রী প্রথম নারী মুক্তিযোদ্ধার সান্নিধ্য আমি পেয়েছি, স্নেহ পেয়েছি। আজকে আমার ক্ষণে ক্ষণে তার কথা স্মরণে আমার আবেগকে স্পর্শ করে, শিহরণ জাগায়।’

দুপুর ২টায় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু হবে জাতীয় সংসদের সংসদ কক্ষে। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচন পরিচালনা করবেন। ভোট গ্রহণ হবে বিকেল পাঁচটা পর্যন্ত।

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুপুর ২টায় তিনি ভোট দিতে সংসদে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *