ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার (৭ মে ২০২৫) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় দেশকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি আরও জটিল ও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারত ও পাকিস্তানের প্রতি অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা হ্রাস পাবে এবং দক্ষিণ এশিয়ার মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠিত হবে।
এই উত্তেজনার সূত্রপাত গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার মধ্য দিয়ে, যার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে। এরপর মঙ্গলবার মধ্যরাতে ভারত পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে পাকিস্তানের দাবি অনুযায়ী ২৬ জন নিহত হন। জবাবে পাকিস্তান নিয়ন্ত্রণরেখার ওপারে হামলা চালায়, যাতে ভারতের দাবি অনুযায়ী ১০ জন নিহত হন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































