আন্দালিব রহমান পার্থের স্ত্রী-newsedge4

মঙ্গলবার (১৩ মে ২০২৫) দুপুর ১টা ২০ মিনিটের ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ সাইরা রহমানের। কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার গতিরোধ করেছে। ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চ পর্যায়ের ক্লিয়ারেন্স ছাড়া তার বিদেশ যাওয়া সম্ভব হবে না।

শেখ সাইরা রহমান সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মেয়ে। তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই। জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের সময় তার স্বামী আন্দালিব রহমান পার্থ কারাগারে ছিলেন। সূত্র জানায়, সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের গত সপ্তাহে বিদেশ যাওয়ার ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ কঠোর নজরদারি বাড়িয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে, যাতে বলা হয়েছে, সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স ছাড়া তারা বিদেশে যেতে পারবেন না।

শেখ সাইরার ক্ষেত্রে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তার ভ্রমণের অনুমতি বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে অনুমোদন প্রয়োজন। এই ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে বিমানবন্দরে অপেক্ষা করতে হবে। তবে তিনি বর্তমানে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *