ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রধান বিচারপতির সরকারি বাসভবন, মাজার গেট, সুপ্রীম কোর্টের প্রধান গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি এবং জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারার অধীনে প্রদত্ত ক্ষমতাবলে ১৫ মে ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নলিখিত স্থানগুলোতে সকল প্রকার সমাবেশ ও প্রতিবাদমূলক কর্মসূচি নিষিদ্ধ করা হলো:
- প্রধান বিচারপতির সরকারি বাসভবন
- বিচারপতি ভবন
- জাজেস কমপ্লেক্স
- বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান গেট
- মাজার গেট
- জামে মসজিদ গেট
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট
- বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সম্মুখস্থ এলাকা
এছাড়া, গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন দাবি-দাওয়া বা প্রতিবাদের নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































