সম্পাদক পরিষদ ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার (২০ মে, ২০২৫) বিকালে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই উদ্বেগ জানান।
বিবৃতিতে বলা হয়, গত ১২ মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর গেজেট প্রকাশ করে। গেজেটে উল্লেখিত নতুন ধারায়, ২০০৯ সালের ১৬ নম্বর আইনের ধারা ২০-এর (খ) উপধারা (১)-এর দফা (ঙ)-তে বলা হয়েছে, ‘উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে যেকোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যেকোনো মাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে।’
সম্পাদক পরিষদ উল্লেখ করেছে, এই নতুন ধারা গণমাধ্যমের স্বাধীনতা এবং মানুষের মতপ্রকাশের অধিকারকে সীমিত করতে পারে, যা অত্যন্ত উদ্বেগজনক। এটি সংবাদ প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে শঙ্কা সৃষ্টি করবে এবং এর অপব্যবহারের সুযোগ রয়েছে। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এমন ধারা প্রত্যাশিত নয় এবং এটি পুনর্বিবেচনার প্রয়োজন।সম্পাদক পরিষদ এই ধারা স্থগিত ও পুনর্বিবেচনার জোর দাবি জানিয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































