বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী-newsedge24

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সমস্যার সমাধান দেশের মানুষের হাতে, এ বিষয়ে বিদেশে গিয়ে কথা বলার কোনো লাভ নেই। তিনি জোর দিয়ে বলেন, সমস্যার সমাধানের জন্য দেশের মধ্যেই কথা বলতে হবে এবং সমাধানও এখান থেকেই আসবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলজিইডি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম নগর বিএনপি এই সভার আয়োজন করে।

কারও নাম উল্লেখ না করে আমীর খসরু বলেন, “বাংলাদেশের সমস্যা দেশের মধ্যে বললে ভালো, বাইরে গিয়ে বলে কোনো লাভ নেই। আমাকে এখানে বলে এখানে সমাধান করতে হবে। বারবার বাইরে গিয়ে কথা বললে সমাধান হবে না। বাংলাদেশের মানুষই সমাধান।” তিনি জোর দিয়ে বলেন, সংস্কার, বিচার বা যেকোনো সমস্যার সমাধানের একমাত্র অস্ত্র হলো বাংলাদেশের জনগণ। নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কিছু বাস্তবায়ন সম্ভব নয়।” তিনি গণতন্ত্রের প্রত্যাশায় বাংলাদেশের মানুষের অপেক্ষার কথা উল্লেখ করে বলেন, এটি কোনো দলের ইচ্ছার বিষয় নয়, বরং জনগণের প্রত্যাশা।

বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, “জিয়াউর রহমান ও খালেদা জিয়ার চিন্তায় বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে হলে নেতা-কর্মীদের মধ্যে গতি থাকতে হবে। ছোটখাটো দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

ভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, এবং পরিচালনা করেন সদস্যসচিব নাজিমুর রহমান। প্রধান আলোচক ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আবদুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান।

অন্যান্য বক্তারা ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন, এবং ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম।

এর আগে সকালে বৃষ্টি উপেক্ষা করে রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *