সারা দেশে আজ (৭ জুন, শনিবার) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের নামাজ আদায়ের পর সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কুরবানি করবেন। ঈদুল আজহা হজরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-এর ঐতিহাসিক ত্যাগের স্মৃতি বিজড়িত।
ইসলামী শরিয়ত অনুযায়ী, হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আল্লাহর নির্দেশ পেয়ে পুত্র ইসমাইলকে কুরবানির জন্য প্রস্তুত হন। এটি ছিল তাঁর জন্য একটি পরীক্ষা। তিনি চোখ বেঁধে কুরবানি সম্পন্ন করার পর দেখেন, ইসমাইলের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি দুম্বা কুরবানি হয়েছে। এই ঘটনার স্মরণে ইসলামে পশু কুরবানির বিধান প্রচলিত হয়েছে, যা সামর্থ্যবান মুসলমানদের জন্য ওয়াজিব।
পবিত্র কোরআনের সুরা কাউসারে বলা হয়েছে, “অতএব আপনার পালনকর্তার উদ্দেশে নামাজ পড়ুন এবং কোরবানি করুন।” রাসুল (সা.) বলেছেন, “ঈদুল আজহার দিন কুরবানির চেয়ে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় কোনো কাজ নেই।” গরু, মহিষ, উট, ভেড়া, ছাগল, দুম্বাসহ যেকোনো হালাল পশু দিয়ে কুরবানি দেওয়া যায়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উপলক্ষে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।
রাজধানী ঢাকায় ঈদের নামাজের জন্য একাধিক জামাতের আয়োজন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































