তারেক রহমান-tarique-rahman-newsedge24

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বাচনী ভাঁওতাবাজি, ভোটাধিকার হরণ, গুম, বিচারবহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি এবং দেশের অর্থ বিদেশে পাচারের মাধ্যমে এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল। শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, আওয়ামী সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ে কারারুদ্ধ করে এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি ঠেলে দিয়েছিল। তিনি আওয়ামী নেতাদের নিষ্ঠুর দমন-পীড়নকে ‘এজিদ বাহিনীর সমতুল্য’ আখ্যা দিয়ে বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এই নেতারা জনগণের উপর পৈশাচিক অত্যাচার চালিয়েছে। তিনি ইমাম হোসেন (রা.) ও তার সঙ্গীদের কারবালার শাহাদাতের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে এক নজীরবিহীন আদর্শিক সংগ্রামের উদাহরণ। কারবালার শাহাদাত বিশ্বব্যাপী নিপীড়িত মানুষকে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রেরণা দিয়ে আসছে।” তিনি শহীদ ইমাম হোসেন (রা.) ও তার পরিবার-সঙ্গীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন: গণমাধ্যম এখনো পুরোপুরি মুক্ত নয়: তারেক রহমান

পৃথক এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পবিত্র আশুরা ইসলাম ধর্মের একটি স্মরণীয় দিন। হযরত ইমাম হোসেন (রা.) ও তার ঘনিষ্ঠজনদের কারবালার শাহাদাত এই দিনকে শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের প্রতীক করে তুলেছে। তিনি আরও বলেন, আওয়ামী স্বৈরাচার দেশকে কারবালার প্রান্তরে পরিণত করেছিল, যেখানে জনগণ দেড় দশক ধরে জুলুম, হিংস্রতা ও দুঃশাসনের শিকার হয়েছে। তিনি জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বন্দীদশা ও সুচিকিৎসা থেকে বঞ্চিত করার ঘটনার নিন্দা জানান।

তিনি বলেন, ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্রকামী জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীরা ৫ আগস্ট স্বৈরাচারের অবসান ঘটিয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, আশুরার মূল বার্তা হলো নিপীড়িতদের প্রতি সমবেদনা ও অন্যায়-জুলুমের বিরুদ্ধে মরণপণ সংগ্রাম। তিনি সকলকে ন্যায়, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *