জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) পূর্ব ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একদল লোক মিছিল নিয়ে এসে সমাবেশস্থলে হামলা করে। তারা মঞ্চ ভেঙে ফেলে, চেয়ার ছুড়ে ফেলে এবং সাউন্ড বক্স ও মাইক ভাঙচুর করে। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। হামলাকারীরা কিছুক্ষণ পর স্থান ত্যাগ করে।
দুপুর ২টার দিকে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে প্রবেশ করেন। তারা মঞ্চে উঠে ‘আবু সাঈদ, মুগ্ধ; শেষ হয়নি যুদ্ধ’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে ইউএনও’র গাড়িবহরে হামলা ও ভাঙচুর
এর আগে একই দিন সকালে এনসিপি’র কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা ও ভাঙচুর এবং উলপুর ইউনিয়নের খাটিয়াগড় এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব হামলায় জড়িত।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































