গোয়েন্দা ব্যর্থতাই দায়ী-সাবেক আইজিপি-newsedge24

সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনার জন্য গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করেছেন। শুক্রবার ঢাকার এফডিসিতে ‘মব সন্ত্রাস প্রতিরোধে করণীয়’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “গোয়েন্দা সংস্থা তৎপর থাকলে এত বড় ঘটনা ঘটতো না। জুলাই চেতনা নস্যাৎ করে পতিত প্রধানমন্ত্রীকে পুনর্বাসনের চক্রান্ত চলছে, যা নির্বাচন পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে। গোপালগঞ্জের ঘটনা তারই প্রমাণ।”

তিনি পুলিশের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, “পুলিশকে বাধা না দিলে ও যথাযথভাবে দায়িত্ব পালন করতে দিলে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব।” পুরান ঢাকার মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়া ও ঘটনা ভাইরাল হওয়ার পর তৎপরতা দেখানো দুঃখজনক। গাফিলতি থাকলে তার তদন্ত হওয়া জরুরি।”

মো. আশরাফুল হুদা আরও বলেন, “মব ভায়োলেন্স শুধু ভুক্তভোগীদের কাজ নয়। নৈরাজ্য সৃষ্টি ও রাজনৈতিক লাভের জন্য কেউ বিএনপির ওপর দোষ চাপিয়ে এ ধরনের সন্ত্রাস সৃষ্টি করছে।”

আরও পড়ুন: গোয়েন্দা তথ্য ছিল, ব্যাপকতা নিয়ে সুনির্দিষ্ট তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি মব সন্ত্রাসকে জাতীয় জীবনে নতুন আপদ হিসেবে চিহ্নিত করে বলেন, “দেশটা মবের মুল্লুকে রূপান্তরিত হচ্ছে। বিচারহীনতা, রাজনৈতিক আশ্রয় ও সামাজিক অবক্ষয় এর কারণ। এ কালচার গণতন্ত্রকে কলঙ্কিত করছে।” ‘বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা মব সন্ত্রাস বৃদ্ধির প্রধান কারণ’ শীর্ষক ছায়া সংসদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিতার্কিকরা সাউথইস্ট ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *