রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার (২১ জুলাই ২০২৫) এক বিজ্ঞপ্তিতে তিনি এই শোক প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা বলেন, “এই দুর্ঘটনায় বিমানবাহিনী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার মুহূর্ত।” তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ক্ষতিগ্রস্তদের জন্য সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস অন্তত দুইজনের মৃত্যু নিশ্চিত করেছে, তবে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬০ জনকে ভর্তি করা হয়েছে, যাদের বেশিরভাগ শিক্ষার্থী। এছাড়া, চারজন আহতকে বিমানবাহিনীর হেলিকপ্টারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
আরও পড়ুন: উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুইজনের মৃত্যু, বহু শিক্ষার্থী আহত
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নিচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































