আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ বুধবার রাজধানী ঢাকায় বিজয় শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই উপলক্ষে দলটি সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। একই সঙ্গে দেশের সব জেলা ও মহানগরেও বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন ঘোষণার প্রেক্ষাপটে এই শোভাযাত্রা বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করে বিএনপি। গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিজয় শোভাযাত্রা শুরু হবে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি
শোভাযাত্রায় ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। এছাড়া ঢাকাবাসীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন রিজভী।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































