বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক মতভেদ থাকলেও আলোচনার মাধ্যমে তা নিরসন করা সম্ভব। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি–পূর্ব সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “ধর্ম–দর্শন–মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। জাতীয় স্বার্থে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।” তিনি জানান, জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি ৩১ দফার রূপরেখার মাধ্যমে সংস্কার ও রাজনীতি পরিচালনা করবে। এজন্য তিনি জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
তিনি ফ্যাসিবাদী শাসনের অতীত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে আমরা কেউই নিরাপদ ছিলাম না। আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গণতন্ত্রকামী জনগণের জন্য দেশকে বন্দিখানায় পরিণত করা হয়েছিল।” তিনি গণতন্ত্র ও আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, “গণতন্ত্র ও আইনের শাসন না থাকলে নারী-পুরুষ, সংখ্যালঘু-সংখ্যাগুরু কেউই নিরাপদ নয়।”
আরও পড়ুন: ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: তারেক রহমান
তারেক রহমান জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সীমা ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ও দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম বক্তব্য দেন। সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজয় র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। বিকেল সাড়ে চারটায় সমাবেশ শেষে শোভাযাত্রা শুরু হয়, যাতে ঢাকা ও আশপাশের জেলার বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































