সরকার বিদেশস্থ বাংলাদেশের কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার (১৭ আগস্ট ২০২৫) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর কথা শুনেছি, কিন্তু এর প্রেক্ষিত সম্পর্কে জানি না।” তিনি জোর দিয়ে বলেন, “রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বলা হয়েছে।”
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ বা নীরবতা ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছবি অপসারণের নির্দেশ
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। ইউরোপ ও আমেরিকা অঞ্চলে কর্মরত কয়েকজন রাষ্ট্রদূত বলেন, বিদেশি মিশনগুলো থেকে আগেই ছবি সরানো হয়েছে, তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা ছিল না।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































