ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই শাস্তি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আলী হুসেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। তার শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। এই শাস্তি প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি হিসেবে বিবেচিত। এছাড়া, তার বিরুদ্ধে আনীত অভিযোগ বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।
ঘটনার সূত্রপাত গত সোমবার, যখন বামপন্থী সমর্থিত ‘অদম্য ২৪-অপরাজেয় ৭১ প্যানেল’-এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বিএম ফাহমিদা আলম শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে রিট করেন। এরপর হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেয়, যা ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করে। এর মধ্যে আলী হুসেনের ফেসবুক আইডি থেকে ফাহমিদাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়। তার পোস্টে লেখা ছিল, “হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।”
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের রায় স্থগিত
এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সম্প্রদায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যৌন নিপীড়নবিষয়ক কমিটির তদন্তের ভিত্তিতে অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































