বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিআর (সমানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। তিনি মনে করেন, এমন পদ্ধতি দেশে স্থায়ী অস্থিতিশীলতা সৃষ্টি করবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “পিআর চাওয়ার একটি উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া। আরেকটি উদ্দেশ্য হচ্ছে দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে মেজোরিটি পার্টি ক্ষমতায় আসতে না পারে।” তিনি পিআর পদ্ধতিকে ‘পারমানেন্ট রেস্টলেসনেস’ (স্থায়ী অশান্তি) হিসেবে আখ্যায়িত করে নেপালকে এর সাম্প্রতিক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতি কম জনপ্রিয় দলগুলোর জন্য লাভজনক। তিনি জোর দিয়ে বলেন, “কোনো পদ্ধতিতে ভোট হবে তা সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে। সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়েছে। জামায়াতকে এ বিষয়ে জানতে হলে সংবিধান খুলে দেখতে হবে।”
জামায়াত নেতাদের সমালোচনা করে তিনি বলেন, “ঐকমত্য কমিশনে পাশাপাশি বসেও তারা কিছু শিখতে পারেনি।” তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক বা অবৈধ আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না। এই সরকার সাংবিধানিক সরকার, তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে আইনানুগভাবে চলতে হবে।”
আরও পড়ুন: নির্বাচনে কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি: রিজভী
জরিপের উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে জানে না, কিন্তু জামায়াত দাবি করছে ৭০ শতাংশ মানুষ এ পদ্ধতি চায়। এসব বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।”






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































