জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার হোসেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন জানান, “যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় শাপলা প্রতীক নেই, তাই এটি দেওয়ার কোনো সুযোগ নেই।” তিনি আরও বলেন, “আমরা এনসিপিকে একটি চিঠি পাঠিয়েছি, যাতে বলা হয়েছে আগামী ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীকের চাহিদা জানাতে। যদি এই সময়ের মধ্যে তারা বিকল্প প্রতীক না জানায়, তাহলে নির্বাচন কমিশন নিজেদের বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”
আরও পড়ুন: প্রতীকের তালিকায় নেই শাপলা, বিকল্প প্রতীক নিতে হবে এনসিপিকে
প্রসঙ্গত, নির্বাচন কমিশন এনসিপিকে বিধিমালায় নির্ধারিত তালিকা থেকে একটি প্রতীক পছন্দ করতে চিঠি দিয়েছিল। গত ৭ অক্টোবরের মধ্যে এ বিষয়ে জানানোর নির্দেশ দেওয়া হলেও এনসিপি তাদের পছন্দ হিসেবে পুনরায় শাপলা প্রতীকের দাবি জানায়। তবে, বিধিমালার বাইরে এই প্রতীক বরাদ্দের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট করেছে ইসি।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































