ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রাক-প্রস্তুতিমূলক সভায় বসেছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এই সভা শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনার, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।
সভায় সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধানের প্রতিনিধিদের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র্যাবের মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না: সিইসি
ইসি জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। এর আগে, ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মাধ্যমে ইসি ‘সংলাপ পর্ব’ শুরু করে। ৬ অক্টোবর গণমাধ্যম প্রতিনিধি এবং ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































