জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ও অপতথ্য প্রতিরোধে সমন্বিত সেল গঠনের ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আয়োজিত ‘নির্বাচনী প্রক্রিয়ায় এআই অপব্যবহার প্রতিরোধ’ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “এআইর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে এআইর অপব্যবহার রোধে অনেক দিন ধরেই কাজ করছে কমিশন। ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকতে হবে।” তিনি আরও বলেন, “এটি প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে। এর মাধ্যমে এ বিষয়ে ভালো সমাধান আসতে পারে।”
আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক
তিনি জোর দিয়ে বলেন, “নির্বাচনের সময় অপতথ্য রোধ কীভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এছাড়া দুর্গম এলাকায় কীভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে।”
কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিনিধিরা অংশ নেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































