সালাহউদ্দিন আহমেদ-bnp-newsedge24

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমাদের ফ্যাসিবাদবিরোধী ঐক্য যদি কোনো কারণে নষ্ট হয়, তাহলে তা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকে আমন্ত্রণ জানাবে। আমাদের সে পথে যাওয়া উচিত নয়।” রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আবেগের পরিবর্তে বাস্তবতার ওপর জোর দিয়ে বলেন, “এমন কোনো প্রক্রিয়া বা আদেশে যাওয়া ঠিক হবে না, যা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে।” তিনি জোর দিয়ে বলেন, জাতীয় সংসদই এই সনদ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ফোরাম, এবং এ বিষয়ে কারও মৌলিক দ্বিমত নেই। তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরির জন্য প্রস্তাব দেবে।

জুলাই সনদে সই না করা কিছু রাজনৈতিক দলের প্রসঙ্গে তিনি বলেন, “তাদের কিছু যৌক্তিক দাবি রয়েছে, যা নিয়ে আলোচনা চলছে। আমরা আশা করি, এগুলোর সমাধান হবে এবং তারাও সনদে স্বাক্ষর করবে। তাহলে জুলাই সনদ রাজনীতিতে ঐক্যের এক ঐতিহাসিক দলিল হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, আবেগপ্রবণ হয়ে সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে কোনো ঘোষণা বা আদেশ দেওয়া থেকে বিরত থাকতে হবে। “বাস্তবতার ভিত্তিতেই এগোতে হবে। এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, যা পরে আদালতে চ্যালেঞ্জ হতে পারে বা অবৈধ বলে দাবি করা হতে পারে। এখনই এমন একটি ভিত্তি তৈরি করতে হবে, যাতে অর্জিত সাফল্য আরও দৃঢ় হয়।”

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেন, “অনেকে বলেন, জুলাই অভ্যুত্থানের অভিপ্রায়ে বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এগুলো আবেগী কথা। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্যই সংবিধানের পথ নেওয়া হয়েছে এবং সাংবিধানিকভাবেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে।”

আরও পড়ুন: বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই সনদে সই করবে এনসিপি

অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্বে এবং মুখপাত্র ফারুক হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *