জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে জাতীয় ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও উপন্যাসিক ইহসান মাহমুদের বই ‘বিচার, সংস্কার, নির্বাচন: অন্তর্বর্তীকালীন বাংলাদেশ’ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “গতকাল জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন। অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।”
প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “ড. ইউনূস, আপনি জনগণের সামনে প্রতিজ্ঞাবদ্ধ, যেটুকু সংস্কার দরকার সেগুলো করে নির্বাচন দেবেন, গ্রহণযোগ্য নির্বাচনে যে সংসদ হবে, সে সংসদ সেসব সংস্কার করবে। এর বাইরে গেলে, ব্যত্যয় হলে তার দায় দায়িত্ব বহন করতে হবে ড. ইউনূসের সরকারকে।”
আরও পড়ুন: সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান বিএনপি মহাসচিবের
তিনি আরও বলেন, “গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সংসদ তৈরি হলে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে, তা সেখানে বাস্তবায়ন হবে।”
এ সময় নির্বাচন যত দেরি হবে, ফ্যাসিবাদ শক্তি তত শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “দীর্ঘক্ষণের অন্তর্বর্তীকালীন সরকারের কারণে দেশে বিভাজন বাড়ছে। জুলাই গণঅভ্যুত্থানের বলিদানকে সঠিকভাবে কাজে লাগানো যায়নি। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।”



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































