রুহুল কবির রিজভী-newsedge24

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রুহুল কবির রিজভী বলেন, সমাজে যারা আতঙ্ক তৈরি করে তাদের আইনের মাধ্যমে শাস্তি দিতে বিএনপির পক্ষ থেকে কোনো দ্বিধা নেই। দলের নাম ভাঙিয়ে যারা দুর্বৃত্তপনা ও শৃঙ্খলাভঙ্গ করছে, তাদের জন্য দলের পক্ষ থেকেও আইনি বিচারের দাবি জানানো হয়েছে। দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের কোনো ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে এসব অপকর্ম করে, তাদের কোনো ছাড় নেই। পাশাপাশি গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। একটি অসত্য সংবাদ রাষ্ট্র ও সমাজের মাঝে অনেক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

রিজভী বলেন, কোনো কিছু ঘটলেই বিএনপির উপর দায় চাপানো যেনো কারো অভ্যাসে পরিণত হয়েছে। সমাজবিরোধী কাজে যে কেউ জড়িত হবে, তাকে আইনের আওতায় আনতে হবে। সরকার কেনো ব্যবস্থা নিচ্ছে না। সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টার মাঝেও সরকারের গাফিলতি ও আইনশৃঙ্খলায় ঢিলেঢালা ভাব স্পষ্ট। সরকার সামাজিক নিরাপত্তায় ব্যর্থ। ফলে সমাজবিরোধীদের উত্থান হয়েছে।

আরও পড়ুন: গণভোট নিয়ে অযৌক্তিক সিদ্ধান্ত মেনে নেবে না বিএনপি

তিনি বলেন, চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক করা হয়েছে, তারা কেউ বিএনপি নয়। সবাই ফ্যাসিবাদের সঙ্গে জড়িত। ওই ঘটনায় কিছু সংবাদপত্র তাদের বিএনপি নেতা হিসেবে উপস্থাপন করেছে। তারা কেউই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *