সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচার করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব বলেন, ‘৭ই নভেম্বর আমাদের কাছে, গোটা জাতির কাছে—একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট, যখন মানুষ একটা অনিশ্চয়তা ও হতাশার মধ্যে চলে যাচ্ছে। প্রতিটি মানুষ বারবার চিন্তা করছে কী হবে। কী হতে পারে। বাংলাদেশের শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে।’
আরও পড়ুন: জামায়াত মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে: ফখরুল
মির্জা ফখরুল বলেন, ‘যতই সময় যাচ্ছে, ততই পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি সৃষ্টির অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচার করে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে।’



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































