আমীর খসরু-newsedge24

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বৈঠক শেষে দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা কনসার্নে থাকার মতোই বিষয়। বাহিনীগুলো কঠোর অবস্থানে থাকবে এটাই প্রত্যাশা। আর যেহেতু আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, তাদের নেত্রীও নেই। তাদের কর্মসূচি নিয়ে আলোচনারও কিছু নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত অবস্থান নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তা খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে। কারণ আওয়ামী লীগ ছাড়াও যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে।’

আমীর খসরু বলেন, ‘দেশের মানুষ সচেতন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্থ করার কোনো সুযোগ নেই।’ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই বলেও জানান তিনি। ‘তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। কারণ এই নির্বাচনে তাদের সম্পৃক্ততা রয়েছে’, বলেন আমীর খসরু।

আরও পড়ুন: জুলাই জাতীয় সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায় সরকারের: বিএনপি

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে কীভাবে বিএনপি এগোচ্ছে, মনোনয়ন প্রক্রিয়া কী হয়েছে, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ এসব বিষয় নিয়ে আলাপ হয়েছে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে। নির্বাচন কমিশনকে সহায়তার পাশাপাশি পর্যবেক্ষক পাঠাবে, সুশীল সমাজের সঙ্গেও কথা বলবে তারা মূলত নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে।’

বৈঠকে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচনের প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বিএনপি নেতারা জানান, ইইউ নির্বাচন পর্যবেক্ষণে সক্রিয় ভূমিকা পালন করবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *