দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় ২৯ একর কৃষিজমির তথ্য গোপন করেছিলেন।
রোববার সকালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “২০০৮ সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা কৃষি সম্পত্তি ৫.২ একর দেখিয়েছেন। দুদকের অনুসন্ধানে ২৯ একরের সন্ধান পাওয়া যায়। দুদক বিষয়টি নিয়ে কাজ করলেও মনোনয়ন বাতিলের কাজ বাস্তবায়ন করতে পারেনি।”
দুদক চেয়ারম্যান বলেন, দুদকের কাজ নিয়ে কোনো চাপ নেই, তবে নানা সীমাবদ্ধতা আছে। তিনি বলেন, “যে দলেরই হোক, সৎ লোককে নির্বাচিত করতে হবে। কে কোন দল করে, সেটা বড় ব্যাপার না। দেখতে হবে লোকটা সৎ কি না। দুদকের মামলার আসামি হতে পারে—এমন লোককে গ্রহণ করলে বিগত সময়ের মতোই পরিণতি হবে।”
আরও পড়ুন: অভ্যুত্থানে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘ভুল’: শেখ হাসিনা
আসন্ন নির্বাচনে প্রার্থীদের হলফনামায় দেশি-বিদেশি আয়ের হিসাব দিতে হবে বলে তিনি জানান। কেউ তথ্য গোপন করলে তা খুঁজে বের করে দেশবাসীর কাছে উপস্থাপনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































