বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন। তবে নির্বাচন কমিশন চাইলে আগামী সংসদ নির্বাচনে তিনি ভোট দিতে এবং প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারেক রহমান ভোটার হয়েছেন কি না—আমার জানা মতে না।” তিনি নির্বাচন করতে পারবেন কি না—এমন প্রশ্নে সচিব বলেন, “পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।”
কমিশন কোন আইনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিতে পারে—জানতে চাইলে তিনি বলেন, “আইনে আছে। ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্ত নেই।”
আরও পড়ুন: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে: সিইসি
বর্তমানে তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। গত বছরের গণ-অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমান চাইলে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাভেল পাস পেয়ে দেশে ফিরতে পারবেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































