আগামী জাতীয় নির্বাচন অনিবার্য কারণ না থাকলে কোনোভাবেই বিলম্বিত হোক, তা চায় না বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা স্পষ্ট করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা নির্বাচনি প্রক্রিয়ার মধ্যেই আছি। অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। ১৫ বছর ধরে আমরা নির্বাচন চাইছি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানই আমাদের লক্ষ্য।”
বৈঠকে বিএনপি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দিয়েছে, এবার সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও হবে। দুটি ব্যালটে ভোট দিতে হবে বলে কেন্দ্রে সময় বেশি লাগবে। যেন কোনো ভোটার ভোট দিতে বঞ্চিত না হন, সে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইসি জানিয়েছে, আগামী রোববার (৭ ডিসেম্বর) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ব্যালট পেপার যেন শতভাগ সরকারি প্রেস থেকে ছাপানো হয়, কোনো প্রাইভেট প্রেসে নয়। কমিশন এ বিষয়ে আশ্বস্ত করেছে। পাসপোর্টের ভিত্তিতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে জোর দাবি জানানো হয়েছে। যত বেশি প্রবাসী ভোটার হবে, ততই ভালো।
আরও পড়ুন: আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি
বৈঠকে বিএনপির পক্ষে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির পক্ষে জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































