বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায় লন্ডন যাত্রায় মেডিকেল বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির পক্ষ থেকে কাতার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে তিনি জানান, “ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। তারা এখন প্রস্তুত। মেডিকেল বোর্ড যখনই সবুজ সংকেত দেবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাবে। সব ব্যবস্থা কাতার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে।”
জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার বিষয়ে প্রশ্নের জবাবে চৌধুরী বলেন, “জার্মানি থেকে অ্যাম্বুলেন্স… এটা ঠিক আছে। আমরা নয়, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে। বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়্যাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সব হচ্ছে। এখানে আমাদের কোনো ভূমিকা নেই।”
কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদও নিশ্চিত করেছেন, জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপের বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (CL-604) এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এটি দীর্ঘপথের আন্তর্জাতিক চিকিৎসা ফ্লাইটের জন্য বিশেষভাবে সজ্জিত। বিমানটি ঢাকা থেকে জর্জিয়ার তিবিলিসি হয়ে লন্ডন যাবে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অব্যাহত বলে জানিয়েছেন এনামুল হক চৌধুরী। মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন। একাধিক চিকিৎসকের সঙ্গে কথায় জানা গেছে, খালেদা জিয়া এখনো ফ্লাই করার সক্ষমতা অর্জন করেননি, যার জন্য যাত্রা বিলম্বিত হচ্ছে। গত দুই দিনে মেডিকেল বোর্ড কয়েকটি পরীক্ষা করেছে এবং প্রতিবেদন পর্যালোচনা চলছে। শুক্রবার দুই দফা বোর্ডের বৈঠক হয়েছে এবং প্রতিদিনই খালেদা জিয়ার অবস্থার প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: জার্মানি থেকে ভাড়া করা অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
এর আগে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যানোর কথা ছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। ফলে কাতার সরকার দ্রুত বিকল্প হিসেবে জার্মানির অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। বিএনপি সূত্র জানায়, লন্ডনে খালেদা জিয়ার সঙ্গী হবেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং কয়েকজন দলীয় নেতা-চিকিৎসক। বাকি সঙ্গী বাণিজ্যিক ফ্লাইটে যাবেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































