দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন সরাসরি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন—আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ ও চাঁদাবাজ প্রার্থীদের প্রত্যাখ্যান করুন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদকের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দুর্নীতিবাজ-চাঁদাবাজদের যদি ভোটাররা নির্বাচনে প্রত্যাখ্যান করেন, তাহলে দেশে দুর্নীতি অনেকটাই কমে যাবে। তখন হয়তো দুদকেরই আর প্রয়োজন হবে না।”
আরও পড়ুন: নির্বাচন সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য করতে প্রস্তুতি চলমান: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি আরও বলেন, “দুর্নীতিবাজদের উৎসব প্রতিদিন। কিন্তু দুর্নীতি বিরোধীদের উৎসব মাত্র একদিন। সমাজের রন্ধ্রে-রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ঢুকে গেছে যে, একা দুদকের পক্ষে পুরোপুরি নির্মূল করা কঠিন। এজন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে দুদক কমিশনার, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































