আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করা হামলাকারীদের একজনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাকে গ্রেপ্তারে সাধারণ জনগণের কাছে তথ্য চেয়ে পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, “বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ওসমান হাদী গুরুতর আহত হন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। তাকে খুঁজে বের করতে রাজধানীজুড়ে জোর অভিযান চলছে।”
তালেবুর রহমান বলেন, “উক্ত ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য থাকলে বা সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত নম্বরে বা ৯৯৯-এ জানান:
- ডিসি মতিঝিল: ০১৩২০-০৪০০৮০
- ওসি পল্টন: ০১৩২০-০৪০১৩২
তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে।”
শুক্রবার দুপুরে হামলার পর হাদীকে প্রথমে ঢামেকে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
আরও পড়ুন: হাদীকে গুলিকরা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান: ডিএমপি কমিশনার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এই হামলার নিন্দা জানিয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































