খালেদা জিয়া-তারেক -newsedge4

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম। তাকে বিএনপির ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে অবসরপ্রাপ্ত এই উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশ প্রত্যাবর্তন উপলক্ষে ইতোমধ্যে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের বিমানবন্দরে বিদায় জানাতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে অভ্যর্থনা কমিটি গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এই কমিটির আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে। গত সোমবার এ কমিটি গঠন করা হয়।

অন্যদিকে, গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতায় হাসপাতালে ভর্তি হওয়ার পর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এ কারণে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা এখনো অর্জিত হয়নি। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।

আরও পড়ুন: তারেক রহমান নিজেই জানালেন ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন

এ সময় খালেদা জিয়াকে দেখতে এবং চিকিৎসার তদারকি করতে প্রতিদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *