জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয় এবং ছায়ানট ও উদীচী সংগঠনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এ পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সোমবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কমপক্ষে ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ সকাল ১০টা ৩১ মিনিটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ৭ জনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন— মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আরও দুজন, যাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত রাকিব হোসেন শেরপুর জেলার বাসিন্দা। ভিডিও ফুটেজে তাকে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। তার ফেসবুক আইডি থেকে ধ্বংসস্তূপের ছবি তুলে পোস্ট করা হয় এবং উসকানিমূলক পোস্ট দেওয়া হয়।
ঢাকার তেজগাঁও কুনিপাড়া এলাকার বাসিন্দা মো. নাইমকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেছেন। লুটের টাকায় মোহাম্মদপুর থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কেনা হয়েছিল, যা পুলিশ উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃত মো. সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ অন্যান্য অভিযোগে ঢাকার বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। অন্যদিকে মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দুটি মামলা রয়েছে।
আরও পড়ুন: ওসমান হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘের নিরপেক্ষ তদন্তের আহ্বান
এ ছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় জড়িত তিনজনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাকিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































