আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সমমনা দলের আরও কয়েকজন নেতার জন্য আসন ছাড় দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছাড় দেওয়া আসনগুলো হলো:
- বগুড়া-২: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
- পিরোজপুর-১: জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার
- নড়াইল-২: এনপিপি’র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ
- যশোর-৫: ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস
- পটুয়াখালী-৩: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর
- ঝিনাইদহ-৪: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান
- ঢাকা-১২: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
- ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
এ ছাড়া কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ এবং ঢাকা-১৩ আসনে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে দেওয়া হয়েছে। রেদোয়ান আহমেদ ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়েছেন এবং ববি হাজ্জাজ শিগগিরই যোগ দেবেন।
মির্জা ফখরুল বলেন, “আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন, তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে যে সিদ্ধান্তগুলোতে একমত হতে পেরেছি—সেই আসনগুলোতে আমরা সমঝোতা করেছি। এই তালিকার পরও আলোচনা চলবে। তারপরে সিদ্ধান্ত হলে আমরা জানাব।”
তিনি আরও জানান, সমঝোতায় যাদের আসন দেওয়া হয়েছে তারা নিজ নিজ প্রতীকে নির্বাচন করবেন। আর যারা বিএনপিতে যোগ দিয়েছেন বা দেবেন, তারা ধানের শীষ প্রতীকে লড়বেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































