বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, নারীদের ঘরে বসিয়ে রাখলে দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীকে কাজে লাগানো যাবে না— এতে দেশের উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত হবে।
রোববার সকালে রাজধানীর বেইলি রোডে অবস্থিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অনেকে মনে করেন নারীদের ‘রানীর মর্যাদা’ দিয়ে ঘরে রেখে দেওয়া উচিত। কিন্তু এমনটা করলে দেশের অর্ধেকের বেশি মানুষ অবদান রাখতে পারবে না। এতে সমাজ ও অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়।
মির্জা আব্বাস আরও উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ বিষয়টি ভালোভাবে উপলব্ধি করেছিলেন। তাই তিনি নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং এর মাধ্যমে নারীদের ক্ষমতায়নের পথ প্রশস্ত করেছিলেন।
দেশের অর্ধেক জনসংখ্যাকে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করতে নারী শিক্ষায় আরও বেশি জোর দেওয়ার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। শিক্ষিত নারীরা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
অনুষ্ঠানে মির্জা আব্বাস সিদ্ধেশ্বরী গার্লস কলেজের উন্নয়ন ও অগ্রগতির জন্য নিজের অঙ্গীকার ব্যক্ত করেন। সুযোগ পেলে এই প্রতিষ্ঠানটিকে সরকারিকরণের দিকে নিয়ে যাওয়ার আশ্বাসও দেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































