বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে। বিএনপিই একমাত্র দল যারা সত্যিকার অর্থে দেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে তারা ভারতে পালিয়ে গেছে। আরেকটি শক্তি বিদেশিদের গোলামি করার জন্য রাষ্ট্রক্ষমতায় যেতে চায়।
আজ সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানকিপুর ইউনিয়নে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদি শক্তির উত্থান হলে সবার একই পরিণতি হবে। দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদি শক্তি ফিরে না আসে, সেই বাস্তবতা গড়ে তুলতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে এসেছে। শহিদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে স্বাধীনভাবে ও মুক্ত পরিবেশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে।
পথসভায় উপস্থিত ছিলেন চকরিয়া ও পেকুয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় নেতাদের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
এই পথসভা আসন্ন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চকরিয়া উপজেলায় বিএনপির গণসংযোগ ও জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত হয়েছে। নেতাকর্মীরা জানান, সালাহউদ্দিন আহমদের বক্তব্যে দলীয় কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































