নির্বাচন-newsedge24

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসার বিষয় নিশ্চিত করেছে। শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই ৩৩০ জনের মধ্যে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দল, ১৬টি দেশের প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ৩২ জন ব্যক্তি এই পর্যবেক্ষক দলে যুক্ত হবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের বিতর্কিত দ্বাদশ জাতীয় নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। দ্বাদশ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন ১৫৮ জন, একাদশ নির্বাচনে ১২৫ জন এবং দশম নির্বাচনে মাত্র চারজন।

কোন কোন সংস্থা ও প্রতিনিধি আসছেন

  • ওআইসির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল
  • এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) থেকে ২৮ জন
  • কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন
  • যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ৭ জন
  • ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে ১ জন

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই পর্যবেক্ষকরা নির্বাচন ও গণভোটের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অবাধ অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগমনকে সরকার স্বাগত জানিয়েছে এবং এটিকে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *