দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সরকারের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারের প্রাথমিক লক্ষ্য হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাপ্লাই চেইন ঠিক রাখা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো সমস্যা যেন না হয়—বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এবং কিছু অনুশাসন দিয়েছেন। প্রথমত সরকারের ফার্স্ট ১০০ দিনের প্রায়োরিটি নির্ধারণ করতে হবে। আমরা এবার ১৮০ দিনের একটি প্রায়োরিটি নির্ধারণ করেছি, যা পরে জানানো হবে।
তিনি উল্লেখ করেন, সকল সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর যে মিটিং হয়েছে, সেখানেও কথা হয়েছে। প্রধানমন্ত্রী সচিবদের বলেছেন, জনগণ আমাদের ম্যানিফেস্টোর ওপর ম্যান্ডেট দিয়েছে। সুতরাং ‘পিপলস উইল’ প্রাধান্য পাবে। সংবিধান, আইন ও কার্যবিধি অনুযায়ী সচিব ও সরকারি কর্মকর্তারা কাজ করবেন। সরকারের ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য তাদের আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “কে কার আত্মীয়—এটা আমরা দেখব না। আমরা যোগ্যতার ভিত্তিতে সবাইকে যাচাই করব।”





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































