আইজিপি-আলী হোসেন ফকির-newsedge24

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার দুজনকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, অচিরেই তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে।

আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সমসাময়িক নানা ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি এ কথা জানান। তিনি বলেন, “ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। তাদেরকে অচিরেই ফিরিয়ে আনা হবে।”

আইনশৃঙ্খলা রক্ষাকে প্রধান অঙ্গীকার হিসেবে উল্লেখ করে আইজিপি বলেন, চাঁদাবাজদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। চাঁদাবাজ ও মাদক কারবারিদের তালিকা তৈরি হয়েছে। প্রতিটি থানাকে জিরো কমপ্লেইন সেন্টারে পরিণত করা হবে। তিনি আরও বলেন, “পুলিশের পক্ষ থেকে অতিউৎসাহী ভূমিকা পালন করবেন না কোনো সদস্য। তবে জনগণকেও আইন মেনে চলতে হবে।”

কোনো নিষিদ্ধ সংগঠন আইনবহির্ভূত কাজে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আইজিপি। পুলিশের দুর্নামের জন্য কতিপয় পুলিশ সদস্য দায়ী উল্লেখ করে তিনি বলেন, “পুলিশের পদোন্নতি, পদায়নে কোনো ধরনের স্বজনপ্রীতি হবে না। সৎ ও যোগ্য লোক থাকবে পুলিশে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।”

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদারের কথা জানিয়ে আইজিপি বলেন, ঈদযাত্রার সময় মহাসড়কে ছিনতাই, ডাকাতি কিংবা চাঁদাবাজির মতো কোনো অপরাধ সংঘটিত হতে দেওয়া হবে না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের বিষয়ে তিনি বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে আলোচনা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। একই সঙ্গে জঙ্গিবাদ যাতে নতুন করে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রতিটি থানায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর পরিকল্পনা রয়েছে সরকারের। পুলিশের পোশাকের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান আইজিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *