প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ব্যক্তি বা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচেয়ে বড়—এটাই বিএনপির রাজনীতির মূলমন্ত্র। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না ও হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে এই জনপ্রতিনিধিত্বশীল সংসদ শুরু হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত—যারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। যেসব পরিবার মিথ্যা মামলা, নির্যাতন ও ‘আয়না ঘর’-এর শিকার হয়েছেন, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাই। মিথ্যা মামলা কিংবা কোনো ধরনের নির্যাতন মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে পারেনি। যাদের অদম্য সাহসিকতায় দেশে গণতন্ত্র ফিরে এসেছে, তাদের সবাইকে—বিশেষ করে ছাত্র-জনতাকে—অভিনন্দন জানাই।
তিনি আরও বলেন, এই শুভ মুহূর্তে সবচেয়ে বেশি অনুপস্থিতি অনুভূত হচ্ছে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার। তিনি এই মুহূর্ত দেখে যেতে পারেননি। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
তারেক রহমানের এই বক্তব্য ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুতে দেওয়া হয়। অধিবেশনের শুরুতে সর্বজ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করান।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































