স্বরাষ্ট্রমন্ত্রী-সালাহউদ্দিন আহমদ-newsedge4

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তিনি বলেন, “বিষয়টি এখনো বিচারাধীন। এটি যদি আইনে পরিণত হয়, তখন দেখা যাবে।”

আজ রোববার বেলা ১১টায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশনে ঢোকার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংবিধান সংস্কার পরিষদের না। সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন। স্পিকার ও ডেপুটি স্পিকার দলের পথ থেকে পদত্যাগ করেছেন, যাতে নিরপেক্ষতা বজায় থাকে।”

তিনি যোগ করেন, “সাংবিধানিকভাবে সে রকম কোনো পরিষদের অস্তিত্ব তো আমাদের সামনে নেই। যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয় কনস্টিটিউশনে সেটা সংবিধানের আগে সংশোধনী হতে হবে। সেটা সংসদে আলাপ-আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সে মত সেটা সংবিধানে ধারণ হবে। তারপরে যদি পরিষদ হয়, তারপরে যদি ফর্ম হয়, যদি শপথ গ্রহণ করতে হয় সেটা তারপরের ব্যাপার।”

আরও পড়ুন:  নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র শক্তিশালী হয় না: প্রধানমন্ত্রী 

সম্প্রতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আদালত রুল জারি করে বিষয়টি বিচারাধীন রেখেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে যে, সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের কোনো আইনি ভিত্তি নেই।

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের পক্ষ থেকে এরই মধ্যে অধিবেশন দ্রুত না ডাকলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারের এই অবস্থানে বিরোধী দলগুলোর সঙ্গে নতুন টানাপোড়েন সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *