রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) মূল প্ল্যান্ট ২৬ দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় বন্ধ থাকা দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগারটি নতুন সরবরাহ পেয়ে উৎপাদনে ফিরেছে।
আজ শুক্রবার সকাল ৮টায় শোধনাগারটিতে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত।
তিনি বলেন, “কুতুবদিয়ায় অবস্থানরত ক্রুড অয়েলবাহী জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে তেল রিফাইনারিতে আনা হয়েছে। সকাল ৮টায় প্ল্যান্ট চালু হয়েছে। প্রসেস হতে কয়েক ঘণ্টা সময় লাগবে, তারপর উৎপাদন শুরু হবে। ধাপে ধাপে পুরোদমে উৎপাদনে যাবে।”
সূত্র জানায়, হরমুজ প্রণালি এড়িয়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ জাহাজ গত বুধবার কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়। এটি যুদ্ধ শুরুর পর দেশে আসা প্রথম ক্রুড অয়েলের চালান। জাহাজটি কর্ণফুলী নদী দিয়ে ডলফিন জেটিতে আসতে না পারায় লাইটারিং প্রক্রিয়ায় ছোট ট্যাংকারের মাধ্যমে তেল খালাস করা হচ্ছে।
গত ১৮ ফেব্রুয়ারি সর্বশেষ ক্রুড অয়েল এসেছিল। যুদ্ধের কারণে মজুত শেষ হয়ে যাওয়ায় ১২ এপ্রিল থেকে ইআরএলের ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট বন্ধ ছিল।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, ‘এমটি নিনেমিয়া’ নিরাপদে পৌঁছেছে এবং লাইটারিংয়ের কাজ চলছে। এছাড়া আরও এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি ফসিল’ ট্যাংকার পাঠানো হয়েছে, যা আগামী ৯ মে বন্দরে ভিড়বে।
ইস্টার্ন রিফাইনারি বছরে ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করে, যা দেশের মোট চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































